১১ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এলো স্পেন

১১ বছরের বিরতির পর আবারও ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল স্পেন জাতীয় ফুটবল দল। ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের এই প্রত্যাবর্তন ঘটেছে লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বে। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ সময়ের বিরতির পর বিশ্ব ফুটবলের শীর্ষ স্থানে পুনরায় জায়গা করে নিল লা রোহা।
সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, স্পেনের ১,৮৭৫.৩৭ পয়েন্ট, যা খুব সামান্য ব্যবধানে ফ্রান্সের ১,৮৭০.৯২ পয়েন্টের ওপরে। আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে (১,৮৭০.৩২ পয়েন্ট)। লিওনেল স্কালোনির শিষ্যরা টানা দুই বছর শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি।
স্পেনের দায়িত্ব গ্রহণ করেন লুইস দে লা ফুয়েন্তে ২০২২ সালের ডিসেম্বর থেকে। তখন র্যাঙ্কিংয়ে স্পেন ছিল দশম স্থানে। ধাপে ধাপে উন্নতি করে এবার সরাসরি সবার ওপরে উঠে এসেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলোও এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ (সাম্প্রতিক)
১. স্পেন – ১,৮৭৫.৩৭
২. ফ্রান্স – ১,৮৭০.৯২
৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
১০. ইতালি – ১,৭১০.০৭
বিশেষজ্ঞদের মতে, ১১ বছর পর শীর্ষে ফেরা কি স্পেনের ফুটবলে আরেকটি সোনালি যুগের ইঙ্গিত, নাকি সামান্য ব্যবধানের কারণে ফ্রান্স ও আর্জেন্টিনা আবারও শীর্ষে টেনে আনবে লা রোহা—সময়ই সেই জবাব দেবে।
ভোরের আকাশ // হ.র