মেসির পাশে রাফিনহা, প্রথম চার ম্যাচে ৬ গোল

২০২৬-২৭ মৌসুমের শুরুতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করে চলতি শতাব্দীতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল কেবল বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির দখলে।
রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের বড় জয়ে একটি গোল করেন রাফিনহা। এ গোলের মাধ্যমে মৌসুমের প্রথম চার লিগ ম্যাচেই তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এর আগে এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষেও একটি গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অর্থাৎ চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন রাফিনহা।
একবিংশ শতাব্দীতে কোনো দলের হয়ে লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করার কীর্তি এর আগে কেবল মেসির ছিল। বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি ২০১২-১৩ ও ২০১৩-১৪—দুই মৌসুমেই প্রথম চার ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন। এবার সেই বিশেষ তালিকায় জায়গা করে নিলেন রাফিনহা।
তবে মেসির মতো একই ক্লাবের হয়ে দুইবার নয়, আপাতত একবারই এই কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ছয় গোল নিয়ে বর্তমানে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাফিনহা। পাঁচ গোল করে তাঁর পেছনে রয়েছেন রায়ো ভায়েকানোর সার্জিও কামেয়ো। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও এখন পর্যন্ত রাফিনহার চেয়ে পিছিয়ে রয়েছেন।
রাফিনহার দুর্দান্ত শুরুর আরেকটি বিশেষ দিক হলো, এবার তিনি নিজের পরিচিত উইং পজিশনে খেলছেন না। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মূলত ডান উইংয়ে খেলেছেন রাফিনহা। পরবর্তীতে তাঁকে বাঁ প্রান্তেও খেলতে দেখা গেছে।
তবে এবার কোচ হান্সি ফ্লিক তাঁকে খেলাচ্ছেন কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে। নতুন এই ভূমিকাতেই গোলের পর গোল করে চলেছেন রাফিনহা। মৌসুমের শুরুতে এমন দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে লা লিগার পিচিচি তথা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দৌড়ে তিনি বড় দাবিদার হয়ে উঠবেন, তা বলাই যায়।
ভোরের আকাশ/সু.পা