ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
এ ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর এবারই প্রথম এত উচ্চ র্যাঙ্কিংধারী কোনো দলের বিপক্ষে মাঠে নামবে ভারত।
এর আগে ২০১১ সালে কলকাতার একই সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল, যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করে ভারত সফরে আসবে দলটি। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে তারা।
এক বিবৃতিতে সিবিএফ জানায়, ভারতের মতো ফুটবলপ্রেমী দেশে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের। সংস্থাটির ভাষ্য, ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজিল-সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা দেখিয়ে আসছেন, আর সেই আবেগের অংশ হতে মুখিয়ে রয়েছে সেলেসাওরা।
ম্যাচটিতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, মাতেউস কুনিয়া, মারকিনিওস এবং ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের দেখা যেতে পারে। তবে এটি প্রীতি ম্যাচ হওয়ায় শেষ পর্যন্ত সব তারকা খেলবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভোরের আকাশ/সু.পা