পর্তুগালের বিদায়, বিশ্বকাপ শেষ রোনালদোর

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, একইসাথে বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের। ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। আর এই পরাজয়ের সঙ্গেই শেষ হয়ে গেল পর্তুগিজ যুবরাজের বিশ্বজয়ের শেষ স্বপ্ন।
ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। তবে স্পেনের জমাট রক্ষণ আর নিখুঁত ফুটবল কৌশলের কাছে শেষ পর্যন্ত ভাঙেনি পর্তুগালের ডেডলক। ম্যাচের একমাত্র গোলটিই পর্তুগালকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় এবং স্পেনের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে হাহাকার নেমে আসে পর্তুগাল শিবিরে। ৪১ বছর বয়সী রোনালদো আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ড্রেসিংরুমের টানেলে যাওয়ার পথে ক্যামেরায় ধরা পড়ে তার কান্নাভেজা মুখ।
২০০৬ সাল থেকে শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্তুগালের ফুটবলকে একা হাতে টেনেছেন সিআর সেভেন। ইউরো জয় কিংবা নেশনস লিগের ট্রফি জিতলেও ফুটবল ইতিহাসের এই মহানায়কের ক্যারিয়ারে বিশ্বকাপ ট্রফিটা অধরাই থেকে গেল।
এটাই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর তা এমন এক ট্র্যাজিক হারের মাধ্যমে শেষ হবে, তা হয়তো কল্পনা করেননি কোনো ফুটবল ভক্ত। ট্রফি দিয়ে হয়তো রোনালদোর শ্রেষ্ঠত্ব মাপা যাবে না, তবে বিশ্বমঞ্চে তার এই অশ্রুসিক্ত বিদায় ফুটবল ইতিহাসের অন্যতম এক বেদনাবিধুর মুহূর্ত হয়ে থাকবে।
ভোরের আকাশ/এম