জেলা কোচ নিয়োগে বিসিবির পরীক্ষায় টিকলেন ৩৯ জন

দেশজুড়ে ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কোচ বাছাই করা হচ্ছে। মোট ২১৮টি আবেদন জমা পড়লেও এখন পর্যন্ত বাছাই প্রক্রিয়া শেষে টিকে আছেন ৩৯ জন।
বুধবার (২২ জুলাই) ঢাকায় আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৭০ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৯ জন। এরপর বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয় ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ও মৌখিক (ভাইভা) পরীক্ষা। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো ভাইভা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
তবে চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, শেষ পর্যন্ত ৩৯ জনের মধ্য থেকেও কয়েকজন বাদ পড়তে পারেন। শূন্য পদ থাকলে পরবর্তীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিসিবি।
নিয়োগ কার্যক্রমে পরীক্ষকের দায়িত্ব পালন করছেন বিসিবির কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম এবং মিজানুর রহমান বাবুল।
টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির। চাকরিটি হবে দুই বছর মেয়াদি চুক্তিভিত্তিক। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।
আবেদনকারীদের জন্য শর্ত ছিল, তাদের অবশ্যই লেভেল-১ কোচিং সনদধারী অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যে জেলার জন্য আবেদন করবেন, সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ভোরের আকাশ/সু.পা