বিশ্বকাপ ফাইনালে পরাজয়ে ডি পলের আবেগঘন বার্তা

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেখানে ‘আলবিসেলেস্তেদের পরাজয়ের অপেক্ষায় থাকা’ সমালোচকদের কড়া ভাষায় জবাব দেওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ছড়ানো নানা ‘ষড়যন্ত্রের গল্প’ নিয়েও মন্তব্য করেন ডি পল। তাঁর দাবি, অনেকেই এমন ভিত্তিহীন গল্প ছড়িয়ে নিজেদের হতাশা বা কষ্ট কমানোর চেষ্টা করেছেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে সোমবার (২০ জুলাই) রাতে ডি পল লিখেছেন, “সবচেয়ে বড় কষ্ট এই যে, আমরা আবারও বিশ্বকাপ ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে পারলাম না। কারণ, যদি কেউ আবারও সেই আনন্দ পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে তারা হলো আমাদের সমর্থকেরা।”
তিনি আরও লেখেন, “তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি, এই দলটির সঙ্গে আপনাদের যে আত্মিক সম্পর্ক, তা শুধু একটি ট্রফির ওপর নির্ভর করে না। এই কঠিন সময় পার করার জন্য আমি এই সত্যটাকেই শক্তভাবে আঁকড়ে ধরতে চাই।”
বিশ্বকাপজুড়ে সমালোচনার প্রসঙ্গ টেনে আর্জেন্টিনার এই মিডফিল্ডার বলেন, “আজ আমি দেখছি, কত মানুষ আমাদের এই পরাজয়ের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা অবাস্তব সব ষড়যন্ত্রের গল্প তৈরি করেছে। মূলত তারা নিজেদের কষ্ট কমানোর জন্যই এসব করেছে। কারণ, তারা সেই অনুভূতি কখনোই উপলব্ধি করতে পারেনি, যা আমরা সব আর্জেন্টাইন অনুভব করেছি।”
ভোরের আকাশ/সু.পা