আবুধাবি টেস্টে ৩৪৬ রানে থামল বাংলাদেশের ইনিংস

আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েও ইনিংস বড় করতে পারল না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে একসময় শক্ত অবস্থানে থাকা নাজমুল হোসেন শান্তর দল শেষ পর্যন্ত ৩৪৬ রানেই অলআউট হয়েছে। প্রথম দিনের শেষভাগে দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় দিনেও বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।
শনিবার দ্বিতীয় দিনে আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ব্যাট হাতে লড়াই করেছেন নাঈম হাসান। শেষ দুই উইকেটে বাংলাদেশের যোগ করা ৪১ রানের মধ্যে ৩৫ রানই এসেছে তাঁর ব্যাট থেকে। ৬৭ বল খেলে অপরাজিত থাকেন তিনি, তবে অন্য প্রান্তে যথেষ্ট সঙ্গ পাননি।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম সাফি। তিনি শিকার করেছেন ৪ উইকেট। ইয়ামিন আহমদজাই পেয়েছেন ৩ উইকেট, ইসমত আলম ২টি এবং কাইস আহমদ একটি উইকেট নিয়েছেন।
এর আগে টেস্টের প্রথম দিন দুই উইকেটে ২২১ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পর মাত্র ৪ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাটিং অর্ডার। শেষ আট উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৫ রান।
ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়েন তানজিদ হাসান তামিম। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তিনি। সেঞ্চুরির পথে এগোতে থাকা এই ওপেনার ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, তখন তাঁর সেঞ্চুরি থেকে দূরত্ব ছিল ১৭ রান।
অন্য ওপেনার সাদমান ইসলাম করেন ৬৭ রান। এ ছাড়া লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করেন। শুরুতে ব্যাটারদের গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ থাকলেও মিডল অর্ডারের ব্যর্থতায় তা হাতছাড়া করে বাংলাদেশ।