সুপারকম্পিউটারের চোখে সেমিফাইনালে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

দেখতে দেখতে শেষের পথে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে এক সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
শেষ চারে ওঠা চার দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে শক্তিমত্তা, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার। সেই বিশ্লেষণে আর্জেন্টিনার চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।
অপ্টার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ডের পাল্লাই একটু ভারী। হ্যারি কেনদের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।
নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনাতেও ইংল্যান্ড এগিয়ে। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচটি নির্ধারিত সময়ে ইংল্যান্ড জিততে পারে ৩৮.৯০ শতাংশ সম্ভাবনায়। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪.১০ শতাংশ, আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের সম্ভাবনার হিসাবেও সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ইংল্যান্ডের ২১.৯৪ শতাংশ, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।
ভোরের আকাশ/সু.পা