১৬২ রানেই ৪ উইকেট হারাল আফগানিস্তান

আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাত্র একটি উইকেট পেলেও তৃতীয় সেশনের শুরুতেই পরপর দুই উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলেছে টাইগাররা।
এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজের আঘাতে প্রথম ইনিংসে চার উইকেট হারিয়েছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৬২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ১৮৪ রানে পিছিয়ে রয়েছে তারা। রহমত শাহ ৪৯ ও ইকরাম আলিখিল ১২ রানে ব্যাট করছিলেন।
চা বিরতির পর তৃতীয় সেশনের প্রথম ওভারেই আফগানিস্তানের তৃতীয় উইকেট তুলে নেন এবাদত হোসেন। ৭০ রানের জুটি ভেঙে ৬২ রান করা আব্দুল মালিককে সাজঘরে ফেরান তিনি। ১২০ বলের ইনিংসে মালিকের ব্যাট থেকে আসে ৬২ রান।
এরপর পরের ওভারেই আরও একটি উইকেট হারায় আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন হাশমতউল্লাহ শহীদি। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।
এর আগে দিনের প্রথম সেশনে বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন হাসান মাহমুদ। তাঁর বলে ৩১ বলে ১৭ রান করে আউট হন ওপেনার সেদিকুল্লাহ আতাল। এরপর দ্বিতীয় সেশনে শহিদুল্লাহকে ২০ রানে ফিরিয়ে উইকেটের দেখা পান এবাদত হোসেন।
চা বিরতির আগে ২ উইকেটে ১৩১ রান নিয়ে ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। তবে বিরতির পর বাংলাদেশের বোলারদের আক্রমণে দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে তারা।
ভোরের আকাশ/সু.পা