বাংলাদেশকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের কথা জানালেন রাজা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দলের এমন দাপুটে জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কীভাবে এতটা শক্তিশালী হয়ে উঠেছে দলটি? জিম্বাবুয়ে অধিনায়কের মতে, দলের ঐক্য, ভালো সংস্কৃতি ও ক্রিকেটারদের নিজেদের সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাসই তাদের সাফল্যের মূল শক্তি।
ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই খেলোয়াড়দের আত্মবিশ্বাস জিম্বাবুয়েকে এগিয়ে রেখেছে বলে মনে করেন রাজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের ঐক্য ও সংস্কৃতিতে আমাদের শক্তি আছে। সবার সামর্থ্যের ওপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে। যে কারও হাতে বল থাকলেই তারা বিশ্বাস করে, দলের জন্য কাজটা করে দিতে পারবে। ব্যাট হাতে আমরা বিশ্বাস করি, যেকোনো জায়গা থেকে দলকে জেতাতে পারব। এসবের মাঝেই আমাদের শক্তি। জিম্বাবুয়ের শক্তি হচ্ছে, এখানকার ছেলেরা দক্ষতায় পূর্ণ। আমাদের মধ্যে ঐক্য ও সংস্কৃতিটাও ভালো।’
পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সেই ম্যাচে রাজাদের দল জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ সহজ হতে পারে। তবে এ নিয়ে এখনই বেশি ভাবতে চান না জিম্বাবুয়ে অধিনায়ক। আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ধকল কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দিতে চান তিনি।
রাজা বলেন, ‘(হাসি) আগে এই ম্যাচের ধকল কাটিয়ে উঠি। এখনো প্রায় ৩০ ঘণ্টা বাকি আছে। ইনশাআল্লাহ, আমরা আফগানিস্তান ম্যাচেও নিজেদের সেরাটা দেব। এরপর দেখা যাক কী হয়।’
দলের সাফল্যে সমর্থকদের অবদানের কথাও তুলে ধরেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘পুরো বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ দিতে চাই। যেখানেই যাই, সেখানে জিম্বাবুয়ের সমর্থকেরা থাকলে মাঠে আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমাদের দেখেই তাঁরা অনেক খুশি হন। তাঁরা দারুণ শক্তি জোগান। আমাদের পরিবার ও বন্ধুরাও বড় সমর্থক। আশা করি, সামনেও তাঁরা আমাদের সমর্থন দিতে আসবেন। প্রতিটি ভেন্যুতে তাঁদের দেখতে পেরে আমাদের দারুণ লাগে।’
বাংলাদেশের বিপক্ষে শুরুটা মোটেও ভালো ছিল না জিম্বাবুয়ের। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ১৫০ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।
এমন পরিস্থিতিতে ব্যাটারদের উদ্দেশে নিজের বার্তার কথাও জানিয়েছেন রাজা। তাঁর মতে, জুটি গড়ার সময় দ্রুত রান তোলার তাড়নার পাশাপাশি উইকেট, কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাও জরুরি।
রাজা বলেন, ‘আমার কাছে বিষয়টি হলো, যখন জুটি গড়বে, তখন হয়তো দ্রুত কিছু রান তুলে ফেলতে চাইবে। তবে এর পাশাপাশি উইকেট, কন্ডিশন, পরিস্থিতি ও এই ভেন্যুর পরিসংখ্যানও বুঝতে হবে। আমার বার্তা ছিল, তোমাদের ইনটেন্ট বেশ ভালো, খেলার প্রবাহও ভালো। এভাবেই চালিয়ে যাও। বেশি কিছু পরিবর্তন করতে হবে না।’
ভোরের আকাশ/সু.পা