বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনে বেলজিয়ামের নতুন রেকর্ড

বিশ্বকাপের নকআউট পর্বে দুই গোলে পিছিয়ে থেকে জয় তুলে নেওয়ার ঘটনা ফুটবল ইতিহাসে খুবই বিরল। অথচ যে কীর্তি একসময় ৪৮ বছর ধরে আর কোনো দল করতে পারেনি, সেটিই মাত্র তিনটি বিশ্বকাপের ব্যবধানে দ্বিতীয়বার করে দেখাল বেলজিয়াম।
২০১৮ বিশ্বকাপে জাপানের বিপক্ষে স্মরণীয় প্রত্যাবর্তনের পর এবার সেনেগালের বিপক্ষেও একইভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে ইউরোপের দলটি।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। প্রথমার্ধে হাবিব দিয়ারা এবং দ্বিতীয়ার্ধে ইসমাইলা সার গোল করে সেনেগালকে শক্ত অবস্থানে নিয়ে যান। নির্ধারিত সময়ের শেষ তিন মিনিট পর্যন্তও এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরা।
এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। রোমেলু লুকাকু ব্যবধান কমানোর পর ইউরি টিয়েলম্যানস সমতাসূচক গোল করেন। অতিরিক্ত সময়ের স্টপেজ টাইমে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন টিয়েলম্যানস।
এই জয় ফিরিয়ে আনে ২০১৮ বিশ্বকাপের স্মৃতি। সেবারও শেষ ষোলোতে জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। পরে জান ভার্টনঘেন, মারোয়ানে ফেলাইনি ও নাসের শাদলির গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
বিশ্বকাপের নকআউট পর্বে দুই গোল পিছিয়ে থেকে এর আগে সর্বশেষ জয় এসেছিল ১৯৭০ সালে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও পশ্চিম জার্মানি অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল।
অর্থাৎ ১৯৭০ সালের পর টানা ৪৮ বছর বিশ্বকাপের নকআউটে এমন কোনো প্রত্যাবর্তন দেখা যায়নি। এরপর গত তিনটি বিশ্বকাপের মধ্যে দুবারই সেই বিরল কীর্তি গড়েছে বেলজিয়াম। পার্থক্য শুধু, ২০১৮ সালে জয় এসেছিল নির্ধারিত সময়েই, আর এবার জিততে হয়েছে অতিরিক্ত সময়ে।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত নকআউট পর্বের মাত্র নয়টি ম্যাচে কোনো দল দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে। এর মধ্যে ১৯৩৮ সালের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও রয়েছে। ১৯৫৪ সালে অস্ট্রিয়া এবং ১৯৬৬ সালে পর্তুগাল তিন গোল পিছিয়ে থেকেও জয়ের নজির গড়েছিল। তবে অল্প সময়ের ব্যবধানে দুই গোলে পিছিয়ে থেকে নকআউট ম্যাচ জয়ের কীর্তি দুবার গড়া একমাত্র দল এখন বেলজিয়াম।
ভোরের আকাশ/সু.পা