কেকেআর বনাম পাঞ্জাব : সম্পদের লড়াইয়ে কে এগিয়ে?

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে জৌলুস ও জনপ্রিয়তায় শীর্ষে থাকেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা। হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০,৮০০ কোটি টাকা। অন্যদিকে, পাঞ্জাব কিংসের (PBKS) অন্যতম মালিক প্রীতি জিন্টার সম্পদের পরিমাণ আনুমানিক ১৮০ থেকে ৩৫০ কোটি টাকার মধ্যে।
অর্থনৈতিক দিক থেকে শাহরুখ খান অনেক এগিয়ে থাকলেও, আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ও মাঠের আবেগে প্রীতির উপস্থিতিও সমানভাবে আলোচিত।
শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মেহতা গ্রুপের মালিকানাধীন কেকেআরের বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ১,৮৭০ কোটি টাকা। ২০০৮ সাল থেকে তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করেছেন। বিপরীতে প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া ও মোহিত বুরম্যানদের মালিকানাধীন পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,১৭৮ কোটি টাকা। অর্থের হিসাবে কেকেআর এগিয়ে থাকলেও পাঞ্জাবের পরিচিতি ও আবেগের কেন্দ্রবিন্দু প্রীতি জিন্টা।
কেকেআরের ৫৫ শতাংশ শেয়ার রয়েছে শাহরুখ খানের হাতে। তাঁর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ও বৈশ্বিক জনপ্রিয়তা দলটির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, প্রীতি জিন্টা পাঞ্জাব কিংসের ২৩ শতাংশ শেয়ারের মালিক হলেও দলের সবচেয়ে পরিচিত মুখ তিনিই। মাঠে তাঁর আবেগঘন উপস্থিতি ও সমর্থকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তাঁকে অন্য মালিকদের থেকে আলাদা করে তুলেছে।
কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ মানেই দুই বলিউড তারকার গ্ল্যামার লড়াই। সম্পদের দিক থেকে শাহরুখ খান বিশ্বের অন্যতম ধনী অভিনেতাদের একজন হিসেবে এগিয়ে থাকলেও আইপিএলের আবেগ, ব্র্যান্ডিং এবং ভক্তদের সংযোগে প্রীতি জিন্টাও সমান আলোচনায় থাকেন। এই প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল ক্রিকেট নয়, বরং ভক্তদের আবেগ ও বিনোদনের এক বড় উৎসবে পরিণত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা