বাংলাদেশ সিরিজটা আমাদের তরুণদের শেখার মঞ্চ : টম লাথাম

সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এবারের স্কোয়াডে একাধিক নতুন মুখ থাকায় দলটিকে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ শেখার মঞ্চ হিসেবে দেখছেন অধিনায়ক টম লাথাম।
আইপিএল ও অন্যান্য ব্যস্ততার কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসেননি। ফলে তুলনামূলক অনভিজ্ঞ একটি দল নিয়েই সিরিজ খেলছে কিউইরা।
লাথাম বলেন, এই সফর তরুণদের জন্য বড় সুযোগ। ভিন্ন কন্ডিশনে খেলে অভিজ্ঞতা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তার ভাষায়, “এখানে অনেকে আগে খুব বেশি সুযোগ পায়নি। উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। আমরা চেষ্টা করব বিভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের উন্নতির পথ তৈরি করতে।”
তবে শুধু শেখার জন্য নয়, সিরিজ জেতাও নিউজিল্যান্ডের লক্ষ্য বলে জানান অধিনায়ক। তিনি বলেন, প্রতিটি ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে শেষ দিকে ভালো অবস্থানে যেতে চায় দলটি।
দলের ভারসাম্য নিয়ে তিনি আরও বলেন, আধুনিক ক্রিকেটে বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক সূচির কারণে খেলোয়াড় রোটেশন এখন স্বাভাবিক বিষয়, আর এই সুযোগেই নতুনদের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা তৈরি হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা