৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার

ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে বৃহস্পতিবার (১০ জুলাই) ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
১২তম ওভারের শেষ বলেই শুরু হয় নাটক। জ্যারেড উইলসনকে আউট করেন ক্যাম্ফার, ইনসুইংয়ে ভেঙে দেন অফ স্টাম্প। পরের বলেই গ্রাহাম হিউম এলবিডব্লু হন। সেখানেই ওয়ার শেষ তার।
তবে এমন পরিস্থিতিতে যা হয়, হ্যাটট্রিকের কথাটা অনেক সময় ভুলেই যান বোলার। ক্যাম্ফারের ক্ষেত্রেও হলো তাই। তবে কাজটা তিনি করতে ভোলেননি। ১৪তম ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিনকে ফেরান ডিপ মিড উইকেটে ক্যাচ বানিয়ে। এরপরই সম্বিত ফিরে পান, আরে! হ্যাটট্রিকই তো করে বসলাম!
ক্যাম্ফার অবশ্য সেখানেই থামেননি। এরপর একই ওভারে রবি মিলারকে আউট করেন, যিনি অফ স্টাম্পের বাইরের বল স্পর্শ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন। এরপরের বলে জশ উইলসনের স্টাম্প উপড়ে যায়, ক্যাম্ফার তখন ইতিহাসের পাতায়।
ক্যাম্ফার বলেন, ওভার শেষ হয়ে যাওয়ার কারণে নিজেও ঠিক বুঝে উঠতে পারেননি কী ঘটছে। তবে নিজের পরিকল্পনা ঠিক রেখেছিলেন। তিনি আরও বলেন, ‘আরেকজন ব্যাটার থাকলেও ছয় বলে ছয় উইকেট হতো কিনা, সেটা আমি জানি না। যা হয়েছে, তাতেই খুশি।’
আঙুলের চোট কাটিয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৩৫ বলে করেছিলেন ৫৭ রান, কিন্তু বল করেননি। এই ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২৪ বলে ৪৪ রান, এরপর বল হাতে গড়লেন ইতিহাস।
ভোরের আকাশ/জাআ