অভিষেকে পাকিস্তানকে জয় এনে দিলেন হাসান নাওয়াজ

পাকিস্তান ক্রিকেটে নতুন উদীয়মান তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান হাসান নাওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকে তিনি দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এবং ম্যাচসেরার পুরস্কার অর্জন করেছেন। ২৮০ রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করে পাকিস্তান পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে, যেখানে হাসানের অবদান ছিল অন্যতম মূল।
দক্ষিণ পাঞ্জাবের লইয়া শহরে ২০০২ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন হাসান। ছোটবেলায় টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু হলেও বড় স্বপ্ন নিয়ে ইসলামাবাদে চলে আসেন। স্থানীয় লাকি স্টার ক্রিকেট ক্লাব ও ল্যাশিংস ক্লাবের মাধ্যমে ধীরে ধীরে পেশাদার ক্রিকেটের পথ চলা শুরু করেন।
২০২২ সালে কাশ্মীর প্রিমিয়ার লিগে মিরপুর রয়্যালসের হয়ে শীর্ষ রান সংগ্রাহকদের একজন হিসেবে নজর কাড়েন। এরপর নর্দার্নের হয়ে জাতীয় টি-টোয়েন্টি কাপে এবং পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পারফরম্যান্স দেখিয়েছেন। ২০২৫ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু হয় চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে ‘ডাক’ মেরে শুরুটা কঠিন হলেও তৃতীয় ম্যাচে মাত্র ৪৪ বলেই অপরাজিত ১০৫ রান করেন, যা পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি হিসেবে বাবর আজমের রেকর্ড ভেঙেছে।
এবার ওয়ানডেতে অভিষেকেই ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে পাঁচ চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন। পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করা ১৪তম ক্রিকেটার হিসেবে নাম লেখান হাসান।
এই শুরু থেকেই স্পষ্ট হয়ে গেছে, পাকিস্তান ক্রিকেটে হাজির হচ্ছেন আরেক বড় তারকা।
ভোরের আকাশ//হ.র