বাংলাদেশে-পাকিস্তান ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতি

গত কয়েক বছরে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট লড়াই পেয়েছে নতুন মাত্রা। সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও একাধিকবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেই প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতায় আগামী বছর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।
২০২৬ ও ২০২৭ সালের সম্ভাব্য কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য ইতোমধ্যে আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সূচিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও রয়েছে একাধিক বড় সিরিজ।
বিসিবির পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের মাটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্টের সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের সিরিজ আগামী বছরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই চারটি সিরিজের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। ২ জুলাই থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিসিবি কার্যালয় থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৫ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৭ ম্যাচে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের জয়গুলো প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছে।
ভোরের আকাশ/সু.পা