বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে বিসিসিআই সভাপতির ২ শর্ত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন কি রোহিত শর্মা ও বিরাট কোহলি? টুর্নামেন্টের এখনও প্রায় এক বছর বাকি থাকলেও দুই অভিজ্ঞ তারকার অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে তাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তাঁর মতে, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
চলতি বছরের নভেম্বরে বিরাট কোহলির ৩৮ বছর পূর্ণ হবে। অন্যদিকে রোহিত শর্মার বর্তমান বয়স ৩৯ বছর। তবে বয়সকে তাঁদের দলে থাকার পথে বাধা হিসেবে দেখছেন না বিসিসিআই সভাপতি। তাঁর বক্তব্য, ফিটনেস ঠিক রেখে মাঠে পারফর্ম করতে পারলে জাতীয় দলে জায়গা পাওয়ার সুযোগ থাকবে দুই অভিজ্ঞ ক্রিকেটারেরই।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দুজনই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। মাঝেমধ্যে ব্যর্থতা এলেও অভিজ্ঞতা ও পারফরম্যান্স দিয়ে দলে নিজেদের গুরুত্ব ধরে রেখেছেন তাঁরা। তবে বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত কারা জায়গা পাবেন, সে সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর।
এদিকে, ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের ধারাও অব্যাহত রয়েছে। সাবেক প্রধান নির্বাচক অজিত আগারকারের সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন এসেছে। রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অধ্যায় শেষ করেছেন। নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাদেজাও।
ওয়ানডে দলেও নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও নির্বাচকদের বিবেচনায় পিছিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর পরিবর্তে হার্ষিত রানা, গুরনুর ব্রারসহ তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে।
‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়। যদি কেউ খেলার জন্য ফিট থাকেন এবং তাঁকে পারফর্ম করতে ও দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতীয় দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে বিশ্বকাপটি হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকলে গিলের জন্য তা সহায়ক হবে বলে মনে করেন মানহাস।
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, ‘বিরাট, হার্দিক (পান্ডিয়া) ও রোহিত দলে থাকলে তা অবশ্যই গিলকে সাহায্য করবে। এরপর জাসপ্রিত বুমরাহর মতো খেলোয়াড়রা আছেন, যাঁরা নেতৃত্ব দিতে পারেন। বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন, আবার কেউ ফিল্ডিংয়ের দায়িত্বেও নেতৃত্ব দেবেন। মূলত কাজগুলো ভাগ করে নেওয়ার বিষয় এটি।’
সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপে রোহিত ও কোহলির অংশগ্রহণ নির্ভর করবে তাঁদের ফিটনেস, পারফরম্যান্স এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। বয়সের চেয়ে মাঠের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার বার্তাই দিয়েছেন বিসিসিআই সভাপতি।
ভোরের আকাশ/সু.পা