বাফুফের তালিকায় ট্রেভর ইসলাম

বাংলাদেশের ফুটবলে আরও এক প্রবাসী খেলোয়াড় যুক্ত হওয়ার পথে। নতুন এই নাম যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতেই ট্রেভরের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। যদিও পাসপোর্ট প্রক্রিয়া চলমান, তবে চলতি বছরে তার জাতীয় দলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ট্রেভর এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও, প্রয়োজনে লেফট ও রাইট উইংয়েও খেলতে সক্ষম। বাংলাদেশের আক্রমণভাগের দুর্বলতা কাটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশা করা হচ্ছে।
ফাহাদ করিম তার ফেসবুক পোস্টে জানান, গত ১২ ডিসেম্বর ট্রেভর প্রথম তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এরপর থেকেই তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। তার সম্মতিতেই ডিসেম্বর থেকে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু হয় এবং ১৮ ফেব্রুয়ারি জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়।
ট্রেভরের অন্যান্য নথিপত্র ও পাসপোর্ট তৈরির কাজ বর্তমানে প্রক্রিয়াধীন, যা আগামী মে মাসের মধ্যে শেষ হতে পারে। তবে জাতীয় দলের হয়ে তার মাঠে নামা নিয়ে ফাহাদ করিম বলেন, পড়াশোনা ও এনসিএএ লিগে নিয়মিত খেলার ব্যস্ততার কারণে জুন উইন্ডোতে তাকে পাওয়া যাবে না। সেপ্টেম্বরেও সম্ভাবনা কম, তবে নভেম্বর উইন্ডো নিয়ে কিছুটা আশাবাদ রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর তাকে নিয়মিত পাওয়া যাবে বলে আশা করছে বাফুফে।
ভোরের আকাশ/সু.পা