৯০ মিনিট খেলার ফিটনেস নেই লিভারপুলের: কোচ আন্দোনি ইরাওলা

ক্লাব ফুটবলের নতুন মৌসুম এখনও শুরু হয়নি। তবে প্রতিযোগিতামূলক ফুটবলের প্রস্তুতিতে প্রাক-মৌসুম ম্যাচ খেলছে দলগুলো। এমনই এক ম্যাচে অ্যানফিল্ডে ফরাসি ক্লাব মোনাকোর কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচের পর দলটির কোচ আন্দোনি ইরাওলা স্বীকার করেছেন, ৯০ মিনিট প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রয়োজনীয় ফিটনেস এখনও অর্জন করতে পারেননি তার দলের খেলোয়াড়রা।
মোনাকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছে লিভারপুল। বিরতিতে ২-০ গোলে এগিয়েও ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। তিন গোল করে শেষ পর্যন্ত জয় তুলে নেয় মোনাকো।
ম্যাচ শেষে লিভারপুল কোচ ইরাওলা বলেন, ‘আমার মতে, প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি, বিশেষ করে শুরুর ৩০ মিনিট। তবে এভাবে খেলার জন্য যে মানের প্রয়োজন, সম্ভবত এই মুহূর্তে আমাদের তা ধরে রাখার সামর্থ্য নেই। এরপর দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। ঠিক যেভাবে প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
প্রাক-মৌসুমের এই ম্যাচে লিভারপুলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার প্রথমবার মাঠে নামেন। তাদের এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস হয়নি বলে জানান কোচ।
ইরাওলা বলেন, ‘তাদের দক্ষতার স্তর ভিন্ন হলেও সামগ্রিকভাবে তারা ভালো অবস্থায় ছিল। বিশেষ করে যাদের জন্য এটি ছিল প্রথম বা দ্বিতীয় ম্যাচ, তাদের মধ্যে বেশ উদ্দীপনা ও প্রাণশক্তি দেখা গেছে। সমস্যা হলো, সম্ভবত ৯০ মিনিট খেলার মতো প্রয়োজনীয় শক্তি বা স্ট্যামিনা তাদের এখনও হয়নি এবং তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। তাদের প্রস্তুত হতে সময় লাগবে। তাদের নিয়ে আরও অনুশীলনের প্রয়োজন।’
দলে চোটের সমস্যাও রয়েছে। জো গোমেজ, জিওভান্নি লিওনি ও নতুন সাইনিং জেরেমি জ্যাকুয়েট চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। কোমরের সমস্যায় মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি কার্টিস জোনসও।
তবে বার্সেলোনা থেকে ধারে আসা উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো লিভারপুলের রক্ষণে বাড়তি শক্তি যোগ করবেন বলে আশা করা হচ্ছে। দুই ক্লাবের চুক্তিতে ৫৫ মিলিয়ন পাউন্ডে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
আগামী ২৩ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলবে লিভারপুল। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। এর আগে আরও একটি প্রাক-মৌসুম ম্যাচ খেলার সুযোগ রয়েছে লিভারপুলের।
ভোরের আকাশ/সু.পা