লিজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ

লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রোববার (১১ অক্টোপবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এনামুল হক জুনিয়র, যিনি ১২ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও রনি তালুকদারের ৪০ রানের ইনিংস দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
মিডল অর্ডারে নাসির হোসেন ২৪ ও আরাফাত সানি ৩৭ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের হয়ে পীযূষ চাওলা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এ ছাড়া ঋষি ধাওয়ান ও পবন নেগি দুটি করে উইকেট শিকার করেন।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত চ্যাম্পিয়নস। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই প্রথম দুটি উইকেট হারায় তারা। পাওয়ার প্লের মধ্যেই যুবরাজ সিংকে ফিরিয়ে ভারতের বিপদ আরও বাড়ান কামরুল ইসলাম রাব্বি।
এরপর বল হাতে ঝড় তোলেন এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান খরচায় চার উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। একপর্যায়ে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে ভারত।
শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলা পাল্টা লড়াই চালিয়ে যান। তাদের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থামে তাদের ইনিংস। পবন ২৬ ও পীযূষ ২৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে এনামুলের চার উইকেটের পাশাপাশি আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন। রাহি ২৬ রান খরচ করেন। শেষ পর্যন্ত ৩ রানের রুদ্ধশ্বাস জয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস।
ভোরের আকাশ/সু.পা