বিপিএল ও পিএসএল এখন ‘ভাই ভাই’!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর এক দিন ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে মারকাটারি আসর থেকে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি কোম্পানি।
এরপর নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে এসে বন্দর নগরীর দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের এমন ঘটনা বিশ্বের প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিরল। তবে বিপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ঘটতে যাচ্ছে একই ঘটনা।
২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছিল এতদিন আলি খান তারিনের। তবে আগামী আসর থেকে এই দলটির মালিকানায় থাকবে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মুলতানের মালিকানায় বোর্ড নিজেই থাকবে, এমন ঘোষণা দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পিসিবি প্রধান বলেন, 'ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য আগামী ৭-৮ দিনের মধ্যেই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।'
মূলত, পিএসএলের সর্বশেষ আসরের পর থেকেই আলি খান তারিনের কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি।
প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে দেখা যায় তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।
এরপর পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান সুলতানসের মালিকের বিরুদ্ধে। এসবের অভিযোগের পরও তারিন কোনো কিছুতেই পাত্তা দেননি বোর্ডকে। ফলে শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড। আর এবার সেই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিজেদের হাতেই রেখে দিতে যাচ্ছে পিসিবি।
ভোরের আকাশ/মো.আ.