মেইনজকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বায়ার্ন

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে ৩ গোল হজম করে পিছিয়ে পড়ার পরও রুদ্ধশ্বাস লড়াইয়ে মেইনজকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগার শিরোপা অনেকটাই নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এখন তাদের লক্ষ্য পয়েন্ট ব্যবধান আরও বাড়ানো।
মেইনজের মাঠে ম্যাচের শুরুটা ছিল বায়ার্নের জন্য দুঃস্বপ্নের মতো। প্রথমার্ধেই তিন গোল হজম করে বড় চাপে পড়ে যায় তারা। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
বল দখলে এগিয়ে থাকলেও স্বাগতিকদের দ্রুতগতির আক্রমণে প্রথমার্ধে দিশেহারা হয়ে পড়ে বায়ার্ন। আটটি পরিবর্তন নিয়ে একাদশ সাজানোয় তাদের পারফরম্যান্সেও প্রভাব পড়ে। প্রথমার্ধে তারা লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি।
অন্যদিকে মেইনজ প্রথমার্ধে দারুণ আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করে নেয়। তাদের হয়ে গোল করেন ডমিনিক কোহর, পল নেবেল ও শেরাল্ডো বেকার। তবে দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা।
বিরতির পর হ্যারি কেইন ও মাইকেল ওলিসে মাঠে নামার পর বায়ার্নের আক্রমণে গতি আসে। ৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে ওলিসে এবং ৮১ মিনিটে জামাল মুসিয়ালার গোলে ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন। মাত্র দুই মিনিট পর, ৮৩ মিনিটে জয়সূচক গোল করেন হ্যারি কেইন। চলতি মৌসুমে এটি তার ৩৩তম গোল।
এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ পয়েন্ট টেবিলে তাদের লিড আরও বাড়িয়ে ১৮ পয়েন্টে নিয়ে গেছে। ৩১ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বরুসিয়া ডর্টমুন্ড ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। মেইনজ ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।
ভোরের আকাশ/সু.পা