লজ্জার রেকর্ড থেকে বাঁচল ভারত

ভারতকে এ যাত্রায় বাঁচালেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের অনবদ্য সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ। আর এর সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড থেকে বেঁচে যায় ভারত। কেননা এ টেস্টে হারলে টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকের রেকর্ড বইয়ে স্থান করে নিতো ভারতীয় ক্রিকেট দল।
‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগের তিনম্যাচের দুটিতে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড আর একটি জিতেছে সফরকারী ভারত। তাই চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত স্বাগতিকদের। তবে এক ম্যাচ বেশি জিতে সুবিধাজনক স্থানে আছে ইংলিশরা। তাই সিরিজে সমতা আনতে শেষ টেস্ট জেতার বিকল্প নেই সফরকারীদের।
ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় সফরকারী ভারত। জবাবে জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৩১১ রানে পিছিয়ে পড়ায় পরাজয়ের শঙ্কায় ছিল ভারত।
তবে দ্বিতীয় ইনিংসে অনবদ্য পারফরম্যান্স করেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। তবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের কথা না বললেই নয়। গিলের আউটের পর তাদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ ড্র করতে সক্ষম হয় সফরকারীরা।
ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ১৮৮ রানের সিমেন্ট জুটি গড়েন লোকেশ রাহুল ও শুবমান গিল। লোকেশ রাহুল নার্ভাস নাইনটিতে (৯০) আটকা পড়লেও সেঞ্চুরি করেন অধিনায়ক। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি গিল। ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। চলতি সফরে এটা গিলের চতুর্থ সেঞ্চুরি।
এরপর পঞ্চম উইকেটে ২০৩ রানের অপরাজিত জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। এ জুটি পঞ্চম দিনের খেলা শেষ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তুলে নেন সেঞ্চুরিও। সুন্দর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে করেন ১০১। জাদেজা তোলেন ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় করেন ১০৭ রান।
তাদের সেঞ্চুরির পরপরই হাত মিলিয়ে ড্র মেনে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। আর তাতে সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেলো সিরিজ নির্ধারণী। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ওভালে শুরু হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।
ভোরের আকাশ/জাআ