পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালের পথে ভারত

সীমান্তে প্রতিদ্বন্দ্বিতা প্রায় সমান হলেও ক্রিকেটের মঞ্চে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বৈশ্বিক টুর্নামেন্টে এক যুগ ধরে ভারতই আধিপত্য বিস্তার করছে পাকিস্তানের বিপক্ষে। সর্বশেষ লড়াইয়েও তার ব্যতিক্রম হয়নি—টানা ষষ্ঠবারের মতো পাকিস্তানকে হারালো তারা।
দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে সুরিয়াকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর পথে অনেকটাই এগিয়ে গেল।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে ফখর জামান আউট হন ১৫ রানে। এরপর শাহিবজাদা ফারহান ও সাইম আইউব গড়েন ৭২ রানের জুটি। তবে সাইম ফেরেন ২১ রানে, আর ফারহানকে (৫৮) ফিরিয়ে দেন শিভাম দুবে। হুসেইন তালাতও টিকতে পারেননি বেশিক্ষণ।
শেষ দিকে সালমান আগা (১৩ বলে ১৭) ও ফাহিম আশরাফের ঝড়ো ইনিংস (৮ বলে ২০) পাকিস্তানকে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। ভারতের হয়ে শিভাম দুবে নেন ২ উইকেট, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ ইয়াদভ পান ১টি করে উইকেট।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা শুরুতেই ঝড় তোলেন। অভিষেক শর্মা ও শুবমান গিল পাওয়ার প্লেতেই যোগ করেন ৬৯ রান। ৮.৪ ওভারে দলের রান পৌঁছায় ১০০-তে। ১০৫ রানে ভাঙে এই জুটি। গিল (২৮ বলে ৪৭) আউট হন ফাহিম আশরাফের বলে।
এরপর দ্রুতই দুই উইকেট হারালেও (সুরিয়াকুমার শূন্যতে, অভিষেক ৩৯ বলে ৭৪ রানে) জয় থেকে সরে যায়নি ভারত। হারিস রউফ ও আবরার আহমেদ চেষ্টা চালালেও তিলক বর্মা (১৯ বলে ৩০*) ও হার্দিক পান্ডিয়া (৭*) বাকি কাজ সহজেই সারেন। ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের ফলে ভারত শুধু পাকিস্তানকে টানা ছয়বার হারাল না, বরং এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও আরও জোরালো করল।
ভোরের আকাশ // হ.র