পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে বাংলাদেশের টেস্টে জয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলর পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মিরপুর টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এই সময়ের মধ্যে টানা ১১টি ম্যাচে হারের হতাশা সঙ্গী হয়েছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ এবং দুই ম্যাচের সেই সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয়। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার মিরপুর টেস্টেও জয় তুলে নিল শান্ত বাহিনী।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। কটবিহাইন্ড হওয়ার আগে ইমাম করেন ২ রান। অন্য ওপেনার আজান আওয়াইস ১৫ রান করে আউট হন। দলনেতা শান মাসুদও ব্যর্থ হন, তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।
৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর আব্দুল্লাহ ফজল ও সালমান আগা চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। তবে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৬৬ রান করা ফজলকে ফিরিয়ে দেন। ১১৩ বলে ১১টি চার হাঁকান তিনি। পরের ওভারেই তাসকিনের শিকার হন সালমান আগা, তিনি করেন ২৬ রান।
এরপর আবারও ধাক্কা খায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি নাহিদ রানা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তরুণ এই পেসার। রিজওয়ান ও শাকিল দুজনেই করেন ১৫ রান করে। পরে হাসান আলিকেও ১ রানে এলবিডব্লিউ করেন তাইজুল।
এর আগে, চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ১৭৯ রানের লিড নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। অধিনায়ক শান্ত ৮৭ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১, মেহেদী হাসান মিরাজ ২৪, তাইজুল ৩ ও তাসকিন ১১ রান করেন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রান করেছিলেন।
পাকিস্তানের হয়ে হাসান আলি ও নোমান আলি দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান তোলে, জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল ও মুশফিকের ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের হয়ে আজান আওয়াইস সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
ভোরের আকাশ/সু.পা