চোয়ালে অস্ত্রোপচার, মাঠে ফিরতে কয়েক সপ্তাহ লাগবে মার্টিনেজের

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয় ম্লান হয়ে গেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোটে। ম্যাচে সংঘর্ষের পর গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে পরীক্ষায় চোয়ালে ফাটল ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয়েছে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে। সুস্থ হয়ে মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
এভারটনের একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্টিনেজ। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হয় আর্জেন্টাইন তারকাকে।
সিটি স্ক্যানে তাঁর ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে পরবর্তী পরীক্ষায় চোয়ালে ফাটল ধরা পড়ে। এ কারণে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।
মার্টিনেজের চোটের কারণে চেলসির আসন্ন কয়েকটি ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মাঠে ফিরতে তাঁকে প্রায় দেড় মাস পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। এমনটি হলে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও খেলা হবে না তাঁর। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।
অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানান মার্টিনেজ। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যারা বার্তা পাঠিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’
এদিকে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’
অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে মার্টিনেজের ভক্তদের মধ্যে। এখন তাঁর লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা।
ভোরের আকাশ/সু.পা