ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
লর্ডস টেস্ট শেষে সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার (২৩ জুলাই) ম্যানচেস্টারে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ জয়ের দারুণ সুযোগ সামনে রেখে ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে দুই দিন আগেই। আর সেখানে সবচেয়ে বড় চমক—৮ বছর পর টেস্ট দলে ফেরা ৩৫ বছর বয়সী স্পিনার লিয়াম ডসন।
হ্যাম্পশায়ারের বাঁহাতি স্পিনার ডসন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর কেটেছে দীর্ঘ সময়—১০২টি টেস্ট ম্যাচ ডসন মাঠের বাইরে থেকেই দেখেছেন। এবার দলে ফিরেছেন চোট পাওয়া শোয়েব বশিরের বদলে। লর্ডস টেস্টে শেষ উইকেট নিয়ে জয় এনে দেওয়া বশিরের আঙুলে চিড় ধরায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
লিয়াম ডসনের ফেরাটা কেবল অভিজ্ঞতার জন্য নয়, ব্যাটিং দক্ষতার কারণেও। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে তার ১৮টি সেঞ্চুরি, ব্যাটিং গড় ৩৫.২৯, যা বর্তমান ওপেনার জ্যাক ক্রাউলির চেয়েও বেশি। তার এই যোগ্যতাই তাকে ফিরিয়ে এনেছে দীর্ঘদিন পর ইংলিশ টেস্ট দলে।
ডসনের ফেরা নিয়ে ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক বলেন, তিনি অভিজ্ঞতা ও দারুণ কৌশল নিয়ে আসবেন। সবসময়ই নজরে ছিলেন। টেস্ট দলে ফেরাটা তার প্রাপ্য।
লর্ডস টেস্ট দিয়ে টেস্টে চার বছর পর ফেরেন গতিতারকা জোফরা আর্চার। সেখানে তার এক ওভারে ছিল ম্যাচের সর্বোচ্চ গতি। দারুণ পারফরম্যান্সের সুবাদে চতুর্থ টেস্টের একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের। অন্যদিকে ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। তাই ওল্ড ট্রাফোর্ড টেস্ট ঘিরে রোমাঞ্চ চূড়ায়।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।
ভোরের আকাশ/জাআ