ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ৯ মার্চ দুপুরে আনুমানিক ২টার দিকে রাজু আহমেদ তাঁর মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছু সময়ের মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। আশেপাশের লোকজন দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রাজুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফনের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, তাঁর বাবার অকাল মৃত্যুর পর রাজু ঢাকার চাকরি ছেড়ে মায়ের সাথে গ্রামে থাকতেন এবং ফার্মিসির ব্যবসা পরিচালনা করতেন।
রাজু আহমেদ দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার অঙ্গনে নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন, এবং সর্বশেষ সময়-এর আলো পত্রিকায় ক্রীড়া প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল কাজের মাধ্যমে তিনি সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন।
মৃত্যুকালে তিনি একমাত্র মা, দুই বোন এবং সহধর্মিনীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। সাংবাদিক সমাজ এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/এনএস