বিপিএলে দল নিতে বিসিবিতে আবেদন নোয়াখালীর

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হতে আবেদন করেছে 'নোয়াখালী রয়্যালস'। দলটির মালিকানা চায় শায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান।
সোমবার (৩০ জুন) বিসিবিতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেয় প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, বিপিএলের সকল নিয়মনীতি মেনে তারা এবারের আসরে অংশ নিতে প্রস্তুত।
শায়ান্স গ্লোবালের প্রতিনিধি বাদল বলেন,
“বিসিবির একটি বোর্ড মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত হবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়া হবে কি না। আমরা আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। প্রাথমিকভাবে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রয়েছে। আশা করছি, বিসিবি আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হবে।”
এর আগে ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর এক চিঠিতে শায়ান্স গ্লোবাল জানায়, বিপিএলে অংশগ্রহণের পাশাপাশি তারা নোয়াখালী অঞ্চলের ক্রিকেট উন্নয়নেও কাজ করতে চায়।
এখন দেখার বিষয়, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে নতুন এই ফ্র্যাঞ্চাইজির স্বপ্ন বাস্তবায়ন হয় কি না।
ভোরের আকাশ//হ.র