আর্সেনাল গুঞ্জন উড়িয়ে স্পেনে নিউক্যাসলের সঙ্গে গুইমারেস

আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। এতে তাকে ঘিরে ছড়িয়ে পড়া মেডিকেল সংক্রান্ত খবরের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার (২ আগস্ট) একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, প্রায় ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেওয়ার আগে সোমবার মেডিকেল পরীক্ষা দেওয়ার কথা ছিল গুইমারেসের। তবে সোমবার সকালে স্কাই স্পোর্টস জানায়, তিনি আসলে স্পেনের লা মাঙ্গায় নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দিতে গেছেন।
দ্য ক্রনিকল-এর তথ্য অনুযায়ী, জুলাই মাসেই নিউক্যাসল কর্তৃপক্ষকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন গুইমারেস। এরপর দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে রোববার রাতে ব্রাজিল থেকে বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে নতুন প্রধান কোচ ম্যাথিয়াস ইয়াইসলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন নিউক্যাসল অধিনায়ক। যদিও তার আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি, ইয়াইসল ইতোমধ্যেই দলের প্রাক-মৌসুম ক্যাম্পে দায়িত্ব পালন করছেন।
গুইমারেসের সম্ভাব্য বিদায়ের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প খেলোয়াড়ের খোঁজও শুরু করেছে নিউক্যাসল। সম্ভাব্য তালিকায় রয়েছে ইন্টার মিলান ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ।
এদিকে গুইমারেসের মতোই সোমবার নিজ নিজ ক্লাবে অনুশীলনে ফিরেছেন ব্রাজিল দলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার সুযোগে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আর্সেনাল। তবে শনিবার ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো স্পষ্ট করে জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই অনুশীলনে ফিরবেন ভিনিসিয়ুস।
সোমবার রিয়ালের ভালদেবেবাস প্রশিক্ষণ কেন্দ্রে ব্রাহিম দিয়াজ ও নতুন সাইনিং বের্নার্দো সিলভার সঙ্গে অনুশীলনে দেখা গেছে ভিনিসিয়ুসকে।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত দুটি নতুন মুখ দলে ভিড়িয়েছে আর্সেনাল। ক্লাব ব্রুজ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে উইঙ্গার ক্রিস্টোস জোলিসকে দলে নেওয়ার পাশাপাশি লিডস ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ইলান মেসলিয়েকে ফ্রি ট্রান্সফারে দলে অন্তর্ভুক্ত করেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
ভোরের আকাশ/সু.পা