দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
তাকে নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা, রটনা, গুঞ্জন, ফিসফাস, কানাঘুষা ছিল। সেই রোজার আগে দেশছাড়া আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত আর ফিরে আসবেন কি না, বা আদৌ এলে কবে, কখন আসবেন, তা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছিল, নানা মুনির নানা মত ছিল।
ক্রিকেট বোর্ড কর্তারা একটা সময় দাবি করেছিলেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। ২৬ পেরিয়ে ২৭, এরপর ২৮ পেরিয়ে আজ ২৯ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি দেশে ফিরেছেন? এ প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর। তাদের জন্য খবর, শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন এবং এখন তিনি ঢাকায়।
ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে রাজধানী ঢাকায় পৌঁছেছেন আমিনুল ইসলাম বুলবুল।
ভোরের আকাশ/আ.র