বিগ ব্যাশে মুস্তাফিজের নতুন ঠিকানা মেলবোর্ন রেনেগেডস?

রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটারদের অনেকেই কোটি পয়েন্টের বেশি পেলেও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের পয়েন্ট রয়েছে কোটির নিচে। তবে এর পেছনে রয়েছে বিগ ব্যাশে খেলার ব্যস্ততা।
ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন এই লেগ স্পিনার। তবে টুর্নামেন্টের জন্য দল পেয়েছেন তিনি। ৬০ লাখ পয়েন্টে রিশাদকে দলে নিয়েছে ফরচুন।
এদিকে, বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন তিনি।
বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের পুরো মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়েও বিসিবির ইতিবাচক অবস্থান রয়েছে বলে জানা গেছে। ফলে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে এই পেসারের খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে, বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে আবারও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার এই লিগে ব্যস্ত সূচির কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না এই লেগ স্পিনারেরও।
ফলে ডি থ্রি ট্রফির নিলামে মুস্তাফিজ ও রিশাদের পয়েন্ট তুলনামূলক কম হওয়ার পেছনে তাঁদের বিদেশি লিগে খেলার ব্যস্ততাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা