“সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ: নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা”

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সিমা বলেন, “আইআরআই ১৯৯০ সাল থেকে নির্বাচনী কার্যক্রমে যুক্ত রয়েছে।”
তিনি জানান, “আজকের বৈঠকে আমরা মূলত নির্বাচনে আমাদের কী ধরনের সহায়তা দিতে পারি তা নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন।”
এছাড়া তিনি বলেন, “প্রাক-নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে আমরা কোনো সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ করিনি।”
এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন, “আমরা মূলত কারিগরি সহায়তা প্রদান করি এবং তা অব্যাহত রাখব। আমাদের ঢাকা সফরের মূল উদ্দেশ্য হলো দলগুলোকে সহায়তা করা। এ সহায়তা চলমান থাকবে এবং এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।”
সিইসির সঙ্গে এই সাক্ষাতে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ//হ.র