যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

দেশে যুদ্ধজাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শনে গিয়ে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামো, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সিডিডিএলের কারিগরি দক্ষতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিডিডিএলে পৌঁছালে বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন। পরে মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
সিডিডিএল কর্তৃপক্ষ জানায়, দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম দুর্বল হয়ে যায়। পরে কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১ হাজার ৩৬টি দেশি-বিদেশি জাহাজ মেরামত করেছে। পাশাপাশি কনটেইনার জাহাজ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্যসংখ্যক পন্টুন নির্মাণ করেছে। জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবাও দিয়ে আসছে সিডিডিএল।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।
সিডিডিএল কর্তৃপক্ষের ভাষ্য, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনের পথও সুগম হবে।
জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি বিভিন্ন মৌলিক শিল্পখাতেও কাজ করছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য।
সিডিডিএলের বহুমুখী সক্ষমতা ও উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, জাতীয় শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভোরের আকাশ/সু.পা