পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠকে আইএফআরসি প্রধান

বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির বিভিন্ন মানবিক কার্যক্রম ও অর্জনের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করায় আলবার্তো বোকানেগ্রাকে অভিনন্দন জানান এবং আইএফআরসির নেতৃত্বে তার অবদানের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের সঙ্গে আইএফআরসির দীর্ঘদিনের অংশীদারিত্ব ও মানবিক সহায়তায় সংস্থাটির মূল্যবান অবদানের কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী নারী ও শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীলতা বিষয়ক উদ্যোগগুলো এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে আরও জোরদার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার উত্তরসূরির নেতৃত্বেও বাংলাদেশ ও আইএফআরসির মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
ভোরের আকাশ/জেআ