ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না এবং সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেস সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, আসন্ন এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি
তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্ন হয়, নিরাপত্তা যেন আগে থেকে নেওয়া হয় সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
ভোরের আকাশ/এসএইচ