ঢাকায় বসছে বাংলাদেশ-ইইউ বৈঠক, আলোচনায় অভিবাসন ও বাণিজ্য

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে বাণিজ্য ও অভিবাসন ইস্যু প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্যকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ইইউ বেশি মনোযোগ দেবে অনিয়মিত অভিবাসন ইস্যুতে। এ উদ্দেশ্যে ইউরোপীয় কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় পৌঁছেছে।
সরকারের এক কর্মকর্তা জানান, ইইউভুক্ত দেশগুলোর জন্য অনিয়মিত অভিবাসন এখন একটি বড় উদ্বেগের বিষয়। তাই আলোচনায় মূলত অভিবাসন নিয়ে গঠনমূলক সমাধানের পথ খোঁজা হবে। উভয় পক্ষ এমন একটি কাঠামো তৈরি করতে চায়, যা একদিকে অনিয়মিত অভিবাসন রোধ করবে, অন্যদিকে বৈধ অভিবাসনকে উৎসাহিত করবে।
তিনি আরও জানান, ইইউ তাদের সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বৈঠকে অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, মানবাধিকার ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
ভোরের আকাশ//হ.র