রাজনৈতিক পরিচয়ে ৪৯তম বিসিএসের নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত কিছু নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা থাকলেও বিভিন্ন প্রক্রিয়া শেষে ৬৫৭ জনের বিষয় সামনে আসে। তাঁদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ইতোমধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন জারি হয়েছে। বাকি ৪৬ জনেরও প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়। তাই নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার জন্য সংশ্লিষ্টদের ধৈর্য ধরতে হবে।
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ও বিভিন্ন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি। রাজনৈতিক পরিচয় যেটাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে সে কারণে কারও প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না।”
নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতে দণ্ডের বিষয় থাকলে বিধি অনুযায়ী তা যাচাই করা হয়। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ৪৯তম বিসিএসের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁদের কেউ কেউ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি তুলেছেন। তবে ভেরিফিকেশন সব সরকারের সময়ই বিধি অনুযায়ী হয়ে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ভেরিফিকেশনের কারণে কারও নিয়োগ হচ্ছে না—এমন ধারণা করার কারণ রয়েছে। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণে নিয়োগ না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করা উচিত নয়। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
ভোরের আকাশ/জেআ