মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর এক শিক্ষার্থীর মৃত্যু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন মারা গেছে। নিহত তাসনিয়া (১৫) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা অবস্থায় সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
মৃত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেনির শিক্ষার্থী ছিল তাসনিয়া।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ নিহত হন অনেকে। এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দগ্ধ অবস্থায় অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ভোরের আকাশ/এসএইচ