ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চাইল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়ায় আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন তিনি।
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জেআ