গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি প্রথমবার সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন।
বিকেল ৪টা ৫৫ মিনিটে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বরণ এবং গার্ড অব অনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।
এদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ আগেই সম্পন্ন করা হয়।
স্বাধীনতার পর গত ৫৫ বছরে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে কক্সবাজার জেলার মানুষেরা। এমনকি স্বাধীনতার পর সালাহউদ্দিন আহমদই কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। তার মন্ত্রী হওয়ার খবরে জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনি এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গতকাল মঙ্গলবার সরকার গঠন করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।
ভোরের আকাশ/এনএস