দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশীর মরদেহ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশী প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ।
নিহতরা হলেন- সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।
বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি দেশে পাঠানো হয়। বিমানবন্দরে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এসময় নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, মরদেহ পরিবহনের ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
শামা ওবায়েদ বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করে যাচ্ছে।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।
ভোরের আকাশ/ইউএম