নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন বুয়েট শিক্ষার্থীরা

বুয়েটের শিক্ষার্থীরা রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিষয়ে বিচারসহ তিনটি মূল দাবির সমর্থনে শাহবাগে পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চালানোর পর নতুন কর্মসূচি ঘোষণা করে স্থান ত্যাগ করেছেন। এর ফলে শাহবাগের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীরা শাহবাগ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি আরও জানান, আগামীকাল সকাল ১০টা থেকে শাহবাগে নতুন করে জমায়েত শুরু হবে। এই কর্মসূচিতে দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মূল তিনটি দাবি হলো:
- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ: সকলকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।
- টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ: নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের উভয়ের জন্য উন্মুক্ত হতে হবে।
- আইনি পদক্ষেপ ও এক্রিডিটেশন: বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নন-অ্যাক্রেডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি ও বিএইটির যথাযথ প্রক্রিয়ায় এক্রিডেশনের আওতায় আনা হবে।
ভোরের আকাশ//হ.র