উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা

ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিতে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধি দলে রয়েছেন।
তিনি বলেন, সোমবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধি দল ইতোমধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে।
তিনি আরও বলেন, আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।
ভোরের আকাশ/এসএইচ