বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান সরফরাজ আহমেদ সরফুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। পরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন যুবদল নেতা নিয়ামুল হক তরফদার। এ সময় বক্তব্য রাখেন ইয়াছিন আহমেদ রবিন, ছাত্রদল নেতা জালাল আহমেদ এবং ফখরুল ইসলাম।
বক্তারা বলেন, শ্রীমঙ্গলের সন্তান সরফরাজ আহমেদ সরফুর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, দেশের ক্রিকেট উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং শ্রীমঙ্গলসহ সারাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী।
উল্লেখ্য, শ্রীমঙ্গলের বাসিন্দা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সরফরাজ আহমেদ সরফু সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এনএস