মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থীদের মারধর, ব্যবস্থা নেয়া হচ্ছে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা উঠেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্যকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এডিসি আসাদুজ্জামান।
ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
জানা যায়, দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানান। ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবি সন্দেহে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করেন। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযানে উদ্যানে আসা নিরীহ মানুষজনদের পেটাচ্ছে পুলিশ। আর এ সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদেরও বেধড়ক মারধর করে পুলিশ সদস্যরা।
ভোরের আকাশ/এনএস