র্যাবের মহাপরিচালক হিসেবে আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ শনিবার (২৮ মার্চ) র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তার দীর্ঘ বর্ণিল চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া আহসান হাবীব পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন র্যাব মহাপরিচালক। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ পদকে ভূষিত হন।
আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।
ভোরের আকাশ/আ.র