ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উত্তাল উপকূলীয় অবস্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে; ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় সাড়ে ৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ওড়িশার ৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভোরের আকাশ/আ.র