শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে বন্ধ শিপইয়ার্ড চালুর আশ্বাস শ্রমমন্ত্রীর

শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সীতাকুণ্ডে সাম্প্রতিক শিপইয়ার্ড দুর্ঘটনার পর বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ ইয়ার্ডগুলো চালু করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে পিএইচপি শিপইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ইয়ার্ড দুটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইয়ার্ডের কার্যক্রম ও শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন।
পরে পিএইচপি শিপইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ডের সার্বিক কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্ধ থাকা প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাও সমানভাবে জরুরি।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মো. মহসিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা