অবৈধ অস্ত্রের খবর দিলে পুরস্কার, পরিচয় গোপন রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, অবৈধ অস্ত্রের তথ্য দিলে খবরদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি পুলিশকে সহায়তা দিতে কোস্টগার্ডের টহলও জোরদার করা হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আপাতত এটি অস্থায়ী হলেও আশা করছি স্থায়ী রূপ পাবে। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, আলোচিত নয়ন ও পিয়াশের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে তারা দেশের বাইরে আছেন। তবে দেশে ফিরলে তাদের কারাগার ছাড়া অন্য কোনো জায়গায় ঠাঁই হবে না। ক্যাম্প স্থায়ী করার প্রস্তাব ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসময় কৃষকদের আলুর দাম না পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোল্ডস্টোরেজ পর্যায়ে আলুর দাম কেজিতে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম ধীরে ধীরে বাড়ছে, আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে।” তবে খুচরা বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের হাতে সীমিত বলে মন্তব্য করেন তিনি।
ক্যাম্প পরিদর্শনে স্থানীয়রা দলবেঁধে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের দাবি, ক্যাম্প চালুর পর অবৈধ বালু উত্তোলন অনেকটাই কমেছে এবং অনেকে আবার গ্রামে ফিরতে শুরু করেছেন।
মুন্সীগঞ্জ জেলার সাম্প্রতিক অপরাধ প্রবণতা বিশ্লেষণ করে উপদেষ্টা বলেন, গত এক বছরে খুন ও ডাকাতির সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। দুর্গম এলাকায় পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি স্থাপন করলে অপরাধ আরও কমবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হয়। এরপর থেকেই অবৈধ বালু উত্তোলনকারী ও নৌডাকাত চক্রের বাধা, মানববন্ধন ও পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকা আলোচনায় আসে।
ভোরের আকাশ/হ.র